গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের ফের সড়ক অবরোধ

ফের সড়ক অবরোধ – বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেছেন। গতকাল সোমবার সকাল বিক্ষোভ শুরু করেন তারা। এর আগে গত সপ্তাহে তারা টানা ৬ দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।

 

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের ফের সড়ক অবরোধ

 

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো কারখানার অর্ধেকের বেশি শ্রমিক বেতন না পাওয়ায় রবিবার সন্ধ্যায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে রাতে মহাসড়ক ছেড়ে গেলেও গতকাল সকাল ৯টা থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করেন। শ্রমিকদের দাবি, তাদের অনেকেই অক্টোবর মাসের বেতন পেলেও আন্দোলনে থাকা কেউই বেতন পাননি। বেতন পেলে তারা সড়ক ছেড়ে যাবেন।

গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবর মাসের বেতন বাকি ছিল। বেতনের দাবিতে গত ১৬ নভেম্বর থেকে শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। পরে ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অনেক শ্রমিকের মোবাইলফোনে বেতনের টাকা পাঠায় কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল শুরু হয়। শুক্র ও শনিবার ওই মহাসড়ক স্বাভাবিক থাকলেও গতকাল ফের সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, অনেক শ্রমিক এখনো বকেয়া বেতন পাননি। এ কারণে সকাল থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টায়ও সড়কটি অবরোধ করে রেখেছিলেন তারা।

Leave a Comment